দুর্গাপূজা উপলক্ষে ভারতে গেল সাড়ে ৩৭ টন ইলিশ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে সাড়ে ৩৭ টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৮টি ট্রাকে এসব ইলিশ ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন।
আরও পড়ুন: ঢাকা–তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
বন্দর সূত্রে জানা যায়, কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান এই চালানের ইলিশ আমদানি করেছে। প্রতিষ্ঠানগুলো হলো— ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল। অপরদিকে বাংলাদেশ থেকে ৬টি রপ্তানিকারক প্রতিষ্ঠান ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ রপ্তানি করেছে। প্রতিষ্ঠানগুলো হলো— সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস ট্রেডার্স ও লাকী ট্রেডিং।
যদিও ইলিশ রপ্তানি নিষিদ্ধ, তবে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে মোট ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এ জন্য ৩৭টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে ৪০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী
উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গজুড়ে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। তার আগেই পদ্মার ইলিশ পৌঁছে যাচ্ছে কলকাতায়।





