ইসলামী দলগুলোর নির্বাচনি জোট নিয়ে হেফাজত আমিরের সতর্কবার্তা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:১৯ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে এমন কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না যাদের ভ্রান্ত আকিদা রয়েছে এবং যাদের সম্পর্কে পূর্বপুরুষরা সতর্ক করে গেছেন।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ঢাবিতে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন

হেফাজতের আমির আরও বলেন, “সহিহ আকিদার সব ইসলামি দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হবে তাদের সঙ্গে ঐক্য থেকে বিরত থাকতে হবে। যাদের বিষয়ে আমাদের আকাবিরে কেরাম সতর্ক করেছেন, তাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে বিভিন্ন বই-পুস্তকেও প্রমাণ রয়েছে। এসব দলের সঙ্গে কোনো জোটবদ্ধতা গ্রহণ করবেন না।”

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।” তিনি আরও বলেন, “ইলমে ওহি ও ইসলামের ক্ষতি হতে পারে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। দেশজুড়ে দাওয়াত, তাবলিগ, মসজিদ ও মাদ্রাসার কার্যক্রম যেন ক্ষতিগ্রস্থ না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।”

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি ঘোষণা

সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ কুরাইশী, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, বাংলাদেশ কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ জমিয়তের শীর্ষ নেতারা।