দুর্গাপূজায় সারাদেশের বিএনপি নেতাদের প্রতি রিজভীর সতর্কবার্তা
আসন্ন শারদীয় দুর্গাপূজায় সারাদেশের বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডকেট রুহুল কবির রিজভী। তিনি আজ (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় বিএনপির জেলা ও মহানগরের সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/ সদস্য সচিব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনকি সম্পাদকদের সাথে ভার্চুয়ালি বৈঠক করে এ আহবান জানান।
এ সময় তিনি পূজা মণ্ডপে শান্তি বজায় রাখা, যেকোনো নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করা এবং প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান।
আরও পড়ুন: নিত্যপণ্যের দাম আরও বাড়বে, কঠিন সময়ের জন্য প্রস্তুতির আহ্বান মির্জা ফখরুলের
রিজভী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়া প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাদেরও নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। পূজা মণ্ডপে শান্তি রক্ষায় প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পূজা মণ্ডপগুলোতে বিশৃঙ্খলা চালিয়ে দেশের ভাবমুর্তি নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে। এ সময় তিনি গত বছরের মতো এবারও বিএনপি নেতাদের সতর্ক থাকার আহবান জানান।
তিনি বিএনপি নেতাদের সতর্ক করে বলেন, পূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় এ ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন, হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন। যারা সুযোগসন্ধানী এবং দেশের ভাবমুর্তি নষ্ট করতে চায় তারা যাতে বিশৃঙ্খলা না করতে পারে এ ব্যাপরে সবাই সতর্ক ও সজাগ থাকবেন।
আরও পড়ুন: মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জুবাইদা রহমান





