দুর্গাপূজায় ভারতে উপহার হিসেবে ৫০০ কেজি চিনিগুঁড়া চাল পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
দুর্গাপূজা উপলক্ষে ভারতের জন্য উপহার হিসেবে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে চালভর্তি একটি পিকআপ ভ্যান আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই চালগুলো ভারতের দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে প্রদান করা হবে।
আরও পড়ুন: সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
এর আগে সকালে ‘চাষী’ ব্র্যান্ডের চিনিগুঁড়া চালভর্তি পিকআপ ভ্যান আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। পরে সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল কাস্টমস ছাড়করণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।
সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূইয়া বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জন্য পাঠানো হয়েছে। এগুলো উপহার হিসেবে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হবে।”
আরও পড়ুন: ১১ মে থেকে ৭২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা
আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব প্রক্রিয়া মেনে দ্রুত চালগুলো ছাড়করণ করা হয়েছে।
প্রসঙ্গত, দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। এছাড়াও দুই দেশের মধ্যে বিভিন্ন সময়ে উপহারসামগ্রী বিনিময় হয়ে থাকে।





