শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৩৫ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

এর আগে, শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহিদুল আলম ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান তুরস্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানান, শহিদুল আলমের ঢাকায় ফেরার ফ্লাইট তুর্কি সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল ত্যাগ করার কথা রয়েছে।

আরও পড়ুন: ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইসরায়েল থেকে শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এর আগে, ইসরায়েলি কর্তৃপক্ষ শহিদুল আলমকে আটক করলে জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ এবং তার মুক্তি নিশ্চিতের জন্য তাৎক্ষণিক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।