সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে এক লাখ সেনাসদস্য মোতায়েন: সেনাসদর

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৩১ অপরাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। প্রথমবারের মতো সেনাবাহিনীকে ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনাসদর।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানের রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাসদরের সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন। সংবাদ সম্মেলনটি ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সেনাবাহিনীর দায়িত্ব ও কার্যক্রম বিষয়ে আয়োজন করা হয়।

আরও পড়ুন: অলস শিল্পপ্রতিষ্ঠান হবে বিনিয়োগ ও কর্মসংস্থানের কেন্দ্র : বাণিজ্যমন্ত্রী

তিনি জানান, আগের জাতীয় নির্বাচনগুলোতে সর্বোচ্চ ৪০ থেকে ৪২ হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছিল। তবে সেসব নির্বাচনে সেনাবাহিনী মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী এলাকায় অবস্থান করত। এবারের নির্বাচনে ভিন্নতা হলো—প্রথমবারের মতো সেনাসদস্যদের ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মনজুর হোসেন বলেন, সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে সেনাবাহিনী প্রধান ন্যূনতম প্রয়োজনীয় সদস্য রেখে বাকিদের মাঠপর্যায়ে নিয়োজিত করেছেন।

আরও পড়ুন: দেশে যুক্ত হচ্ছে নতুন ৫ উপজেলা

তিনি আরও বলেন, বাড়তি মোতায়েনের কারণে প্রয়োজনীয় যানবাহনের ঘাটতি দেখা দিয়েছে। এ জন্য অসামরিক প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে। পর্যাপ্ত গাড়ি পাওয়া না গেলে ভাড়া করে হলেও সেনাসদস্যদের টহল কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোটারদের মধ্যে নিরাপত্তার আস্থা ফেরাতে সেনাসদস্যরা দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গত ২০ জানুয়ারি থেকেই কার্যকর রয়েছে।