ঈদের উৎসবের মতো পরিবেশে ভোট, জাতি হিসেবে বিজয় অর্জন করেছি: ইসি সানাউল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ঈদ উৎসবের মতোই আনন্দঘন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে জাতি হিসেবে বাংলাদেশ একটি চূড়ান্ত বিজয় অর্জন করেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল প্রকাশ অনুষ্ঠানের সমাপনী ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, এ নির্বাচনের সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। এর ইতিবাচক প্রভাব হিসেবে দেশে বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ জন্য তিনি জনগণ ও সরকারকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, ‘১৩ ফেব্রুয়ারির সকাল বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নির্বাচন কমিশন নির্মোহভাবে আইন প্রয়োগ এবং সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন সম্পন্ন করার যে অঙ্গীকার করেছিল, সরকারের সহযোগিতা ও সবার অংশগ্রহণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।’
আরও পড়ুন: পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
সমাপনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।





