হিন্দুস্তান টাইমসের খবর
শপথে আসছেন না মোদি, প্রতিনিধি পাঠাতে পারে ভারত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীসহ আঞ্চলিক বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস রোববার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতে সফরে আসবেন। ওইদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত রয়েছে।
আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী
ম্যাক্রোঁ পরবর্তীতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এআই ইমপেক্ট সম্মেলনে অংশ নেবেন। তিনি ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করবেন বলে জানা গেছে।
শপথে কে আসতে পারেন?
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চপদস্থ কোনো প্রতিনিধি অংশ নিতে পারেন। এর মধ্যে ভারতের ভাইস-প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।
তারেক রহমানকে মোদির শুভেচ্ছা
বাংলাদেশে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির জয়ের পরপরই নরেন্দ্র মোদি দলটির শীর্ষ নেতা তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে মোদি লিখেছেন, “তারেক রহমানের সঙ্গে কথা বলে আমি আনন্দিত। আমি তাকে বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি।”
দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন থাকা দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমি উভয় দেশের জনগণের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।”
সূত্র: হিন্দুস্তান টাইমস





