প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে একনেক গঠন
প্রধানমন্ত্রী তারেক রহমান-কে সভাপতি করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির।
আরও পড়ুন: নদী-নালা-খাল খননে ৮ সদস্যের সেল গঠন, সভাপতিত্বে মির্জা আব্বাস
প্রজ্ঞাপন অনুযায়ী, একনেকের বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কমিটির অন্য সদস্যরা হলেন—
আরও পড়ুন: আজ শুরু হচ্ছে বইমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
* অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
* স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
* পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
* শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
* আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান
* স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
* সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
সহায়তাকারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিকল্পনা বিভাগের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন।
কার্যপরিধি
একনেকের কার্যপরিধির মধ্যে রয়েছে—
* সকল উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি), টেকনিক্যাল এসিস্ট্যান্স প্রজেক্ট প্রপোজাল (টিএপিপি) ও টেকনিক্যাল প্রজেক্ট প্রপোজাল (টিপিপি) বিবেচনা ও অনুমোদন
* সরকারি খাতে ৫০ কোটি টাকার ঊর্ধ্বে বিনিয়োগ ব্যয়সংবলিত প্রকল্পে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশ অনুমোদন
* উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা
* বেসরকারি, যৌথ ও অংশগ্রহণমূলক বিনিয়োগ প্রস্তাব বিবেচনা
* দেশের অর্থনৈতিক পরিস্থিতি পরিবীক্ষণ, নীতি-নির্ধারণী বিষয় পর্যালোচনা এবং বৈদেশিক সহায়তার বার্ষিক লক্ষ্যমাত্রা অনুমোদন ও অগ্রগতি মূল্যায়ন
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। পরিকল্পনা বিভাগ একনেককে সাচিবিক সহায়তা প্রদান করবে। এ-সংক্রান্ত ২০ আগস্ট ২০২৪ তারিখের আগের প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য হবে।





