দেড় বছর পর ঢাকা-আগরতলা বাস চালু, সুসম্পর্কের প্রত্যাশা ত্রিপুরার মন্ত্রীর
দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে ঢাকা-আগরতলা -কলকাতা সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা।
গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলক রয়েল মৈত্রীর একটি বাস আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রবেশ করে।
আরও পড়ুন: নদী-নালা-খাল খননে ৮ সদস্যের সেল গঠন, সভাপতিত্বে মির্জা আব্বাস
২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভিসা জটিলতার কারণে এ বাস সার্ভিস বন্ধ থাকে। দেড় বছরের বেশি সময় পর মৈত্রী ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের পরীক্ষামূলক বাস যাত্রা শুরু করে।
এ উপলক্ষে ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ‘আমরা আশা রাখব, বাংলাদেশের নতুন সরকার তাদের দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে ভারত-বাংলাদেশের যে মৈত্রী, সুসম্পর্ক; যেটা এক বছর আগেও বিদ্যমান ছিল, সেটাকে তড়ান্বিত করবে।’
আরও পড়ুন: আজ শুরু হচ্ছে বইমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গত মঙ্গলবার বিকেলে আগরতলা থেকে পাঁচজন যাত্রী নিয়ে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (টিআরটিসি) একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এর আগে এদিন সকালে বাসটি ঢাকার কমলাপুর বাস ডিপো থেকে আনুষ্ঠানিকভাবে আগরতলার উদ্দেশে যাত্রা করে। ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক শরীফ রহমান জানান, প্রথম দিনে স্টাফসহ ৯ জন ঢাকা থেকে আগরতলায় যান এবং ফেরার পথে পাঁচজন যাত্রী ঢাকায় আসেন।
নতুন করে বাস চালু হওয়ার বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে দেখছে ত্রিপুরা সরকার। ঢাকা থেকে যাওয়া বাসটি আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে পৌঁছালে সেখানে স্বাগত জানান ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী ও টিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায়। যদিও এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল ‘আগরতলা-কলকাতা (ভায়া ঢাকা) বাস সার্ভিস পুনঃ চালু অনুষ্ঠান’।
অনুষ্ঠানে সুশান্ত চৌধুরী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) সবসময় বলেন যে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যত মধুর হবে, ততই আমরা দুই দেশের উন্নতি সাধিত করতে পারব। একজন ভারতবাসী হিসেবে বাংলাদেশকে আমরা বরাবরই আমাদের পরিবারের সদস্য হিসেবে গণ্য করেছি। আজও আমরা বাংলাদেশকে পরিবারের সদস্য হিসেবে, নিকটাত্মীয় হিসেবে গণ্য করি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে কোনো অশান্তির পরিবেশ হলে সেটা আমাদের কাছে যেমন শুভকর নয়, বাংলাদেশের নিজস্ব উন্নয়নের ক্ষেত্রেও সেটা শুভকর নয়।’ তিনি বাংলাদেশের নতুন সরকারকেও স্বাগত জানান।
এদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগরতলা–ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত বাস পরিষেবা পুনরায় চালু হওয়ায় স্বাগত জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
২০০১ সালে আন্তর্জাতিক এই বাস সার্ভিস চালু হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এক পর্যায়ে ভিসা দেওয়াও সীমিত হয়ে গেলে এই বাস সার্ভিস বন্ধ হয়ে যায়। গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর দুই দেশের নাগরিকদের জন্য ভিসা পরিষেবাও চালু হচ্ছে। এরমধ্য দিয়ে বাস সার্ভিসও চালু হলো।
গত জানুয়ারির শেষ সপ্তাহ থেকে পরীক্ষামূলকভাবে বাস চলাচল শুরু হয়। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন শুরু হলো। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন বাস চলবে। অবশ্য আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে নিয়মিতভাবে মৈত্রী ও শ্যামলী পরিবহনের দুটি বাস চলাচলের কথা রয়েছে। সপ্তাহের ছয় দিনই বাস চলাচল করবে বলে জানিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ।





