নদী-নালা-খাল খননে ৮ সদস্যের সেল গঠন, সভাপতিত্বে মির্জা আব্বাস
নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নে ৮ সদস্যবিশিষ্ট একটি সেল গঠন করেছে তারেক রহমান নেতৃত্বাধীন সরকার। সেলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: আজ শুরু হচ্ছে বইমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সেলের গঠন অনুযায়ী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। সদস্য হিসেবে থাকবেন ভূমি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা; পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর–এর প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড–এর মহাপরিচালক। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব।
সেলের প্রধান দায়িত্ব হবে নদী-নালা-খাল ও জলাধার খননের বছরভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা। দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনার আওতায় খনন কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন সংস্থার চলমান ও সম্ভাব্য প্রকল্পের মধ্যে সমন্বয় সাধন করবে সেলটি। এর মাধ্যমে সমন্বয়হীনতা দূর করে সময় ও ব্যয় সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী
এ ছাড়া খনন কর্মসূচির পরিবীক্ষণ, বাস্তবায়নকালে উদ্ভূত সমস্যা চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে সেল। মাঠপর্যায়ের কার্যক্রম গতিশীল করতে নিয়মিত অগ্রগতি পর্যালোচনাও করা হবে।
খনন কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়াতে সচেতনতামূলক প্রচার কার্যক্রম গ্রহণের কথাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।





