বাংলাদেশকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে সমর্থনের আশ্বাস দিয়েছেন কয়েকটি মুসলিম দেশ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিনসহ বেশ কয়েকটি মুসলিম দেশ।
শুক্রবার জেদ্দায় ওআইসির জরুরি অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এসব দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন। এ সময় কূটনীতিকরা বাংলাদেশের প্রতি তাদের সমর্থনের কথা জানান।
আরও পড়ুন: হঠাৎ কেন দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ করলো সরকার
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকিলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদাও বাংলাদেশকে সমর্থন জানানোর বিষয়ে আশ্বাস দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ফিলিস্তিন বিষয়ক জরুরি বৈঠকের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিনিধিদলের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: কৃষকদের স্বচ্ছল করতেই ‘কৃষক কার্ড’ চালু: প্রধানমন্ত্রী
জুনে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য সরকার বাংলাদেশকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে প্রতিনিধিত্বকারী হিসেবে মনোনীত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওআইসি প্রতিনিধিদলগুলোর নেতারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সম্প্রতি অর্জিত বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান-এর দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে এবং উন্নয়ন ত্বরান্বিত হবে। এছাড়া ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবিচল অঙ্গীকারের প্রশংসা করা হয়েছে।
বৈঠকে বিভিন্ন দেশের নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গত বছর প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন। তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ সফরের প্রত্যাশায় রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করেন যে ঢাকায় নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত হবে।





