বিদ্যুতের দাম নিয়ে সুখবর দিলেন জ্বালানিমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ন, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ১২:০৩ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: তীব্র আপত্তি সত্ত্বেও ৫০ সংসদীয় কমিটি গঠন: ক্ষুব্ধ বিরোধী দল

মন্ত্রী জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, সকাল ১১টার দিকে একটি তেলবাহী জাহাজ দেশে পৌঁছেছে এবং আজ আরও একটি জাহাজ আসার কথা রয়েছে।

এদিকে চট্টগ্রাম বন্দরে ইতোমধ্যে এলএনজি ও এলপিজিবাহী আটটি জাহাজ এসে পৌঁছেছে। পাশাপাশি আরও তেলবাহী জাহাজ আসার প্রক্রিয়া চলমান রয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগেই এসব জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।

আরও পড়ুন: ৪১ লাখ পরিবারকে চলতি বছরই ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, আজ সকালে জ্বালানিবাহী আটটি জাহাজ বন্দরে এসে নোঙর করেছে। তিনি বলেন, এসব জাহাজ গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।

প্রসঙ্গত, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) তেল বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট সীমা নির্ধারণ করে। তবে সরকার জানিয়েছে, দেশে জ্বালানির কোনো সংকট নেই। তা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে জনমনে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। এর মধ্যেই জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর খবর পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।