ঈদ সামনে, ট্রেনে বাড়ি ফিরতে ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড়
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঈদের এখনও প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও শনিবার সকাল থেকেই ঢাকা রেলওয়ে স্টেশন-এ যাত্রীদের ভিড় দেখা গেছে।
পরিবার-পরিজন নিয়ে কিংবা পরিবারের সদস্যদের আগেই গ্রামের বাড়িতে পাঠাতে অনেকেই সকাল থেকেই স্টেশনে আসছেন। স্টেশন ঘুরে দেখা যায়, কেউ পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন, আবার কেউ পরিবারের সদস্যদের আগে গ্রামে পাঠিয়ে দিচ্ছেন।
আরও পড়ুন: ঈদে কাউন্টারে ভাড়ার চার্ট টানাতে হবে, ফিটনেসবিহীন বাসে মোবাইল কোর্ট: ডিএমপি কমিশনার
অনেক যাত্রী জানান, হাতে সময় থাকায় ঈদের ঠিক আগের ভিড় ও সম্ভাব্য ভোগান্তি এড়াতেই তারা আগেভাগে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রী মিরাজ উর রহমান বলেন, তিনি কাউনিয়া স্টেশনে নামবেন। উত্তরবঙ্গের পথে ট্রেনই সবচেয়ে আরামদায়ক বাহন হওয়ায় ভোগান্তি এড়াতে আগেভাগেই বাড়ি যাচ্ছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর
অন্যদিকে জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী হুমায়ূন আহমেদ হিমু জানান, ঈদের সময় ভিড় অনেক বেড়ে যায়। তাই আগেই মাকে ও ছোট বোনকে নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন।
তিনি বলেন, এখন স্টেশনে তেমন ভিড় নেই। ছুটি শুরু হলে তার বাবা ১৭ মার্চ গ্রামের বাড়িতে যাবেন। একটু আগেই তিনি তাদের স্টেশনে পৌঁছে দিয়ে গেছেন।
গত ১৩ মার্চ থেকে ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় ট্রেনযাত্রা শুরু হয়েছে। আজ ট্রেনযাত্রার দ্বিতীয় দিন। বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে স্টেশনের প্রবেশপথে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্টেশনের প্রবেশমুখে দুই দফায় টিকিট পরীক্ষা করে যাত্রীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। টিকিট থাকলে যাত্রীদের কোনো ভোগান্তি নেই, তবে বিনা টিকিটে কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
দায়িত্বরত কর্মকর্তারা জানান, কেউ যদি তিনটি টিকিট কাটেন কিন্তু যাত্রীর সংখ্যা চারজন হয়, সে ক্ষেত্রে নির্ধারিত ভাড়ায় একটি দাঁড়িয়ে যাওয়ার টিকিটের ব্যবস্থা করা হচ্ছে।
এদিন ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ৩০টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাবে। এসব ট্রেনের মোট আসন সংখ্যা ২৮ হাজার ৯২৬টি। এর মধ্যে পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনে ১৬ হাজার ১৯৪টি এবং পশ্চিমাঞ্চলের ১৭টি ট্রেনে ১২ হাজার ৭৩২টি আসন রয়েছে।





