এবারের ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক, সড়কে বড় কোনো যানজট হয়নি: সেতুমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৫৮ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক ও আনন্দমুখর। সড়কে উল্লেখযোগ্য কোনো যানজট সৃষ্টি হয়নি এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ রাখা হয়নি। সরকারের সমন্বিত প্রস্তুতির কারণে দেশের বিভিন্ন স্থানে যাতায়াতে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি বলেও তিনি দাবি করেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাঙামাটি নদীর ওপর নির্মিত ‘গোমা সেতু’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ৬ জেলায় সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী জানান, অল্প সময়ের মধ্যেই ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষ নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন। এত বিপুল সংখ্যক মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল, যার সুফল এখন যাত্রীরা পাচ্ছেন।

আঞ্চলিক অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণের কাজ শিগগিরই শুরু হবে। উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে উল্লেখ করে তিনি বলেন, অবকাঠামো উন্নয়নই দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি।

আরও পড়ুন: চলতি অর্থবছরে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নৌপথের নাব্যতা সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন সেতুমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার নৌপথ নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখা হচ্ছে। এর মধ্যে প্রায় ১২০০ কিলোমিটার নদীতে খননকাজ চলছে এবং ভবিষ্যতে আরও সাড়ে চার হাজার কিলোমিটার নৌপথ খননের পরিকল্পনা রয়েছে। তিনি জানান, সদরঘাট থেকে দেশের বিভিন্ন রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।