বিদ্যুৎমন্ত্রী

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের সিদ্ধান্ত, গ্রাহকদের স্বস্তি

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৪৯ পূর্বাহ্ন, ৩০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: ৮১তম উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান

মন্ত্রী জানান, খুব দ্রুতই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

তিনি বলেন, “প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অস্বস্তি ছিল। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেছি। গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্যেই এই চার্জ পদ্ধতি পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আরও পড়ুন: সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ হিসেবে পরিশোধ করতে হয়। তবে গ্রাহকদের অভিযোগ ছিল—মিটারের মূল মূল্য পরিশোধের পরও বছরের পর বছর এই চার্জ বহাল রাখা যৌক্তিক নয়।

এই চার্জ বাতিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে আলোচনা ও দাবি চলছিল। সরকারের নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ ব্যয় কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।