পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না এমপিরা, সংসদে ক্ষোভ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ২:৪৬ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন সংসদ সদস্যরা। খোদ একজন সংসদ সদস্য নিজেই কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে নিজের গাড়ির জন্য তেল পাননি বলে সংসদকে জানিয়েছেন।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে ৭১ বিধিতে ২ মিনিটের জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম এই অভিযোগ করেন।

আরও পড়ুন: তীব্র আপত্তি সত্ত্বেও ৫০ সংসদীয় কমিটি গঠন: ক্ষুব্ধ বিরোধী দল

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানও অধিবেশনে উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, “আজকে যদিও জ্বালানি তেল নিয়ে বলা হচ্ছে যে দেশে কোনো সংকট নেই, বাস্তবতা ভিন্ন। আমি নিজে আজকে পাম্পে পাম্পে ঘুরেও আমার গাড়ির জন্য তেল পাইনি। সাধারণ মানুষের ভোগান্তি কতটা গুরুতর, তা সহজেই অনুমেয়।”

আরও পড়ুন: ৪১ লাখ পরিবারকে চলতি বছরই ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম বলেন, “আমার নির্বাচনী এলাকার পেট্রোল পাম্পগুলোতেও পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। পাম্পে তেল না থাকলেও বাইরে বোতলে করে তেল বেশি দামে বিক্রি হচ্ছে। মোটরসাইকেল চালকরা বাধ্য হয়ে খোলা বাজার থেকে তেল কিনছেন, এতে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে।”

সংসদ সদস্যরা জ্বালানি তেলের এই কৃত্রিম সংকট বা সরবরাহ ঘাটতি দ্রুত নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।