শাজাহানপুরে মাদলা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব এবং প্রশাসনিক সেবা আরও গতিশীল করতে নবনির্মিত অস্থায়ী কার্যালয় ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অস্থায়ী কার্যালয়টির শুভ উদ্বোধন করেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন।
আরও পড়ুন: কালিয়াকৈর হাইটেক পার্কে চীনা প্রতিষ্ঠানের ১০ কোটি ডলার বিনিয়োগ
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আতিক।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোর্শেদ মিল্টন বলেন, "জনসাধারণের দোরগোড়ায় আধুনিক ও সুশাসনভিত্তিক নাগরিক সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন বদ্ধপরিকর। এই অস্থায়ী কার্যালয় চালুর ফলে অত্র ইউনিয়নের মানুষকে আর সেবা পাওয়ার জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হবে না,বরং অতি দ্রুত ও সহজে তারা তাদের প্রয়োজনীয় প্রশাসনিক সেবা গ্রহণ করতে পারবেন।"
আরও পড়ুন: হাওরে সারের সংকট, রবি শস্যের আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বিদ্যুৎ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাহিন সানি,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ,এছাড়াও ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই অস্থায়ী কার্যালয়টি চালুর মধ্য দিয়ে মাদলা ইউনিয়ন পরিষদের কার্যক্রমে গতি আসবে এবং এলাকার সাধারণ মানুষ আরও স্বাচ্ছন্দ্যে ও দ্রুততার সাথে নিজেদের নাগরিক অধিকার ও সেবা উপভোগ করতে পারবেন।





