মন্ত্রীদের প্রটোকল: ডিসি-এসপিদের জন্য নতুন নির্দেশনা জারি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন, ২১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সফরকালীন প্রটোকল নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নির্ধারণ করে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এ নির্দেশনায় কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের করণীয় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, জেলা সদরে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর আগমন ও বিদায়ের সময় জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তা অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা জানাবেন। তবে এ কারণে ডিসি বা এসপিকে নিজস্ব সরকারি সফর বাতিল বা পরিবর্তন করতে হবে না। সে ক্ষেত্রে জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। তবে সংশ্লিষ্ট মন্ত্রীর ইচ্ছা থাকলে ডিসি বা এসপি সফরসূচি পরিবর্তন করতে পারবেন।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের বিশেষ নির্দেশনা

বিদেশ সফর বা দেশে প্রত্যাবর্তনের সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। দেশের অভ্যন্তরে সফরের ক্ষেত্রে মন্ত্রীর ব্যক্তিগত সচিব প্রয়োজন অনুযায়ী ঢাকা ত্যাগ ও প্রত্যাবর্তনস্থলে উপস্থিত থাকবেন।

উপজেলা পর্যায়ে সফরের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা অভ্যর্থনা ও বিদায় জানাবেন। এ ক্ষেত্রে সাধারণত জেলা প্রশাসক বা পুলিশ সুপারের উপস্থিতি আবশ্যক নয়।

আরও পড়ুন: গুমের অধ্যাদেশের ফাঁকফোকর পূরণ করে শক্ত আইন চায় জনগণ: রিজভী

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো জেলায় সরাসরি যাতায়াত সম্ভব না হলে নিকটবর্তী বিমানবন্দর বা রেলস্টেশন ট্রানজিট হিসেবে ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের প্রতিনিধি উপস্থিত থাকবেন। বিভাগীয় কমিশনার সদর দপ্তরে অবস্থান করলে সৌজন্য সাক্ষাৎ করতে পারবেন।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বলা হয়েছে, সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এসপি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবেন। রেলপথে ভ্রমণের ক্ষেত্রে রেলওয়ে পুলিশ সুপার সংশ্লিষ্ট সব স্টেশন ও ফাঁড়িকে অবহিত করবেন এবং নির্ধারিত স্টেশনগুলোতে পুলিশ সদস্য উপস্থিত থাকবেন। চট্টগ্রামগামী ট্রেন সফরের ক্ষেত্রে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার উপস্থিত থাকবেন।

সাধারণ নির্দেশনা অনুযায়ী:

  • সফরসূচি সময়মতো সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে
  • সফরসূচিতে পরিবর্তন হলে তা দ্রুত অবহিত করতে হবে
  • সরকারি সফরে যানবাহন ও বাসস্থানের ব্যবস্থা করা হবে
  • ব্যক্তিগত সফরের ক্ষেত্রেও প্রটোকল নির্দেশনা প্রযোজ্য থাকবে
  • সংশ্লিষ্ট জেলার এসপি নিরাপত্তা নিশ্চিত করবেন

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ২০২৪ সালের ২৭ আগস্ট জারি করা পূর্ববর্তী নির্দেশনার পরিবর্তে এই নতুন নির্দেশনাই কার্যকর হবে।