প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অধিবেশনে বিষয়টি উত্থাপিত হয়। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (চট্টগ্রাম-১৬) জহিরুল ইসলাম-এর প্রশ্নের জবাবে মন্ত্রী এ বক্তব্য দেন।
আরও পড়ুন: মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হয় এবং সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে সাধারণত ১০ মাস থেকে এক বছর সময় লাগে। এ ক্ষেত্রে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সরঞ্জাম প্রস্তুত, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া, কেন্দ্র নির্ধারণ ও সংস্কার, নির্বাচনী কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে হয়। তফসিল ঘোষণার আগে ন্যূনতম ৪৫ দিনের প্রস্তুতি প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা-এর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এসব প্রস্তুতি অপরিহার্য।
আরও পড়ুন: ৬ জেলায় সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
অন্যদিকে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা-এর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৪ সালের ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশন ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন বিভাগ গঠনের সুপারিশ করেছে। এ বিষয়ে জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএনপির (পাবনা-৫) সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস-এর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) কেনার প্রকল্প ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে এ প্রকল্পের অডিট ও মূল্যায়ন প্রক্রিয়া এখনও চলমান রয়েছে এবং দুর্নীতি দমন কমিশনের তদন্তাধীন।
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় ও স্থানীয় পর্যায়ের কোনো নির্বাচনে আপাতত ইভিএম ব্যবহার করা হবে না। বর্তমানে এসব ইভিএম বিভিন্ন গুদাম, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এবং নির্বাচন কমিশন সচিবালয়ে সংরক্ষিত রয়েছে।





