দেশে জ্বালানি তেলের সংকট নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে এবং আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। উপদেষ্টা বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দেশের কোথাও তেলের পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই বলেও তিনি আশ্বস্ত করেন।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, সরকার যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানায়, তবে ভুল তথ্য বা অপতথ্য প্রচার গ্রহণযোগ্য নয়। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
দেশে জঙ্গি তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, কিছু ঝুঁকি থাকলেও তা এমন পর্যায়ে পৌঁছেনি যে সাধারণ মানুষকে আতঙ্কিত হতে হবে। অতীতে এ বিষয়ে অতিরঞ্জিত প্রচার যেমন হয়েছে, তেমনি একেবারে অস্বীকার করাও বাস্তবসম্মত নয়।
সীমান্ত হত্যা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা প্রায় ৭৫ শতাংশ কমেছে। এটি শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হচ্ছে।
আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত





