প্রটোকল ভেঙে অ্যাম্বুলেন্সকে পথ দিলেন প্রধানমন্ত্রী
রাজধানীর ব্যস্ত সড়কে যেখানে যানজটে প্রায়ই থমকে থাকে সময়, সেখানে দেখা গেল ভিন্ন এক দৃশ্য। ভিভিআইপি প্রটোকল ভেঙে জরুরি সেবার গাড়ি অ্যাম্বুলেন্সকে আগে যেতে পথ করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর গাড়িবহর তখন বনানী দিক থেকে সচিবালয়ের পথে অগ্রসর হচ্ছিল।
আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহরের পেছনে সাইরেন বাজাতে বাজাতে একটি অ্যাম্বুলেন্স এগিয়ে আসছিল। বিষয়টি লক্ষ্য করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। তার নির্দেশ পেয়ে নিরাপত্তা সদস্যরা গাড়িবহর সরিয়ে অ্যাম্বুলেন্সটির জন্য পথ তৈরি করে দেন।
সাধারণত ভিভিআইপি চলাচলের সময় অন্য যানবাহনকে অপেক্ষা করতে হয়। তবে এই ঘটনায় তার ব্যতিক্রম দেখা গেল। অসুস্থ মানুষের জরুরি প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে এমন সিদ্ধান্তকে মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে।
আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো ঘটনাটি ছিল তাৎক্ষণিক ও স্বতঃস্ফূর্ত। তাদের মতে, এটি সাধারণ মানুষের প্রতি একজন সরকারপ্রধানের দায়িত্ববোধ ও সহমর্মিতার ইতিবাচক বার্তা বহন করে।





