নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রীর প্রথম ঢাবি সফর ১২মে

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ন, ০৯ মে ২০২৬ | আপডেট: ১:০৯ অপরাহ্ন, ০৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় সফরে যাচ্ছেন। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় সফর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই দিন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘Transforming Higher Education in Bangladesh: Roadmap to Sustainable Excellence’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, আন্তর্জাতিক সহযোগিতা ও টেকসই শিক্ষানীতি নিয়ে কর্মশালায় আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: চলছে বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সভা

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে। নিরাপত্তা ও অনুষ্ঠান ব্যবস্থাপনা নিয়েও চলছে সমন্বয় কার্যক্রম।

এর আগে সর্বশেষ গত বছরের ২৭ ডিসেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে যান। তার দু’দিন আগে, ২৫ ডিসেম্বর, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন তিনি।

আরও পড়ুন: বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী

তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। পরবর্তীতে বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়ন শুরু করেন। তিনি স্যার সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

তৎকালীন রাজনৈতিক অস্থিরতা, এরশাদবিরোধী আন্দোলন এবং দীর্ঘ সেশনজটের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় তার পক্ষে পড়াশোনা সম্পন্ন করা সম্ভব হয়নি।