আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে একটি পেশাদার পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম-এ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিশেষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাসিমুল গনি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ১৯ দফা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র ‘ভিশন ২০৩০’-এর আলোকে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সরকার সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান ঘটানো সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
মন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, পুলিশের প্রতিটি সদস্য দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সম্মেলনে পুলিশের বিভিন্ন দাবি-দাওয়া মনোযোগ দিয়ে শোনেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের আর্থিক সক্ষমতা ও অগ্রাধিকার বিবেচনায় সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। একই সঙ্গে পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব দাবি বাস্তবায়ন অনেকাংশে বাহিনীর পারফরম্যান্সের ওপর নির্ভর করবে।
সম্মেলনে অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।





