দেশ-বিদেশে কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আনসার বাহিনী: প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ন, ২০ মে ২০২৬ | আপডেট: ১২:২৭ অপরাহ্ন, ২০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আনসার বাহিনী শুধু নিরাপত্তা রক্ষায় নয়, দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বুধবার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ ও ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তায় আনসার বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। গ্রাম, শহর, বন্দর ও পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাতেও বাহিনীর সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

তিনি বলেন, দেশে যখন অস্থিতিশীলতা ও অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দুর্যোগকালেও তারা মানুষের পাশে দাঁড়িয়ে সেবা নিশ্চিত করেছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাহিনীটি একটি শৃঙ্খলাবদ্ধ ও স্বতন্ত্র বাহিনী হিসেবে মর্যাদা অর্জন করেছে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ

তারেক রহমান আরও বলেন, আনসার বাহিনীর সদস্যরা প্রযুক্তিনির্ভর বিভিন্ন কর্মকাণ্ডেও যুক্ত হচ্ছেন। বর্তমানে ১৩ হাজারের বেশি ফ্রিল্যান্সিং ও ফিল্ড ভিডিপি সদস্য বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও আস্থা তৈরিতে কাজ করছেন।

তিনি জানান, নগর এলাকার টিডিভি সদস্যরাও শহরের নিরাপত্তা ব্যবস্থায় সক্রিয় ভূমিকা রাখছেন। ফলে আনসার বাহিনী এখন শুধু নিরাপত্তা নয়, সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রধানমন্ত্রী বলেন, সঞ্জীবন প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইট ও আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিদেশে দক্ষ জনশক্তি তৈরিতেও কাজ করছে বাহিনীটি।

এর আগে সকালে প্রধানমন্ত্রী ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে আনসার সদস্যদের কুচকাওয়াজ ও মৌলিক প্রশিক্ষণ প্রদর্শনী উপভোগ করেন। পরে তিনি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন এবং দেশের বিভিন্ন জেলায় কর্মরত আনসার সদস্যদের সমস্যার কথাও শোনেন।