শহীদ জিয়ার আদর্শে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদতবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় অগ্রগতির জন্য আজীবন কাজ করেছেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে তাঁর ঐতিহাসিক নেতৃত্বের সূচনা হয়েছিল এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে তিনি শাহাদাত বরণ করেন।
তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের মূল ভিত্তি। আমরা এই শোককে শক্তিতে পরিণত করে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছি।”
আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জিয়াউর রহমান জাতিকে শিখিয়েছেন কীভাবে জাতীয় ঐক্য গড়ে তুলে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হয়। তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের আদর্শ ধারণ করে রাজনীতি করছে।
গণতন্ত্রের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশকে গণতান্ত্রিক ধারাবাহিকতায় পরিচালিত করার বিষয়ে বর্তমান সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের চেতনার আলোকে দেশের গণতান্ত্রিক ভিত্তিকে আরও শক্তিশালী করা হবে।”
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ও ত্যাগের কথাও স্মরণ করেন। তিনি বলেন, “বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণের জন্য দোয়া করি।”





