পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ন, ০১ জুন ২০২৬ | আপডেট: ৮:০৬ অপরাহ্ন, ০১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। মন্ত্রিসভা গঠনের পর এটিই কোনো মন্ত্রীর প্রথম পদত্যাগের ঘটনা।

আরও পড়ুন: বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০১ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

দীপেন দেওয়ান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক। তিনি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন। পরে ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান।

ব্যক্তিগত জীবনে দীপেন দেওয়ান ১৯৬৩ সালের ৮ জুন রাঙামাটির রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা সুবিমল দেওয়ান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপ-জাতীয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আরও পড়ুন: মানুষের শহরমুখী চাপ কমাতে পরিকল্পিত নগরায়নে সরকারের উদ্যোগ

দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ এবং তার স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।