এআই ক্যামেরা পদ্ধতিতে ট্রাফিক ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ন, ০২ জুন ২০২৬ | আপডেট: ৩:৫০ পূর্বাহ্ন, ০৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন সুদৃঢ় করা, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থায় আধুনিক প্রযুক্তিনির্ভর পরিবর্তন আনতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে।

আজ মঙ্গলবার (০২ জুন ২০২৬) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: চীনে বিশেষ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা

মন্ত্রী জানান, আলোচিত রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুতগতিতে এগোচ্ছে। মামলায় ১২ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে পোস্টমর্টেম ও ফরেনসিক রিপোর্টের ওপর গুরুত্বপূর্ণ সাক্ষ্য গ্রহণ চলছে। তিনি বলেন, বিচারাধীন বিষয়ে মন্তব্য না করাই আইনসম্মত হলেও সরকার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে।

তিনি আরও জানান, মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপকে তিনি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন: জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ টিম তদন্ত করছে এবং প্রাথমিকভাবে কারিগরি ত্রুটি ও অন্যান্য কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

শিশু মৃত্যুর পর ময়নাতদন্ত না করার বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে ময়নাতদন্ত ছাড়া মামলা বিচার প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করতে পারে।

একই হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান এবং বলেন, অভিযোগ পেলে পুলিশ দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

ঢাকার ট্রাফিক ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় ক্যামেরা প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালুর কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি সফল হলে আগামী ১–২ মাসের মধ্যে রাজধানীতে এর দৃশ্যমান পরিবর্তন আসবে এবং পরবর্তীতে অন্যান্য শহরেও সম্প্রসারণ করা হবে।

ব্যাটারিচালিত রিকশা ও টমটম প্রসঙ্গে তিনি বলেন, কর্মসংস্থান বিবেচনায় রেখে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের বিষয়টি সরকার বিবেচনা করছে।

সীমান্ত নিরাপত্তা, বিজিবি–বিএসএফ বৈঠক, পুশ-ইন ইস্যু এবং অন্যান্য কূটনৈতিক বিষয়ে তিনি বলেন, সরকার সীমান্ত নিরাপত্তা বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো অনিয়ম কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে।

মন্ত্রী আরও বলেন, মন্ত্রিসভা পুনর্গঠন সম্পূর্ণ প্রধানমন্ত্রীর সাংবিধানিক এখতিয়ার এবং এ বিষয়ে অন্য কারও মন্তব্য করার সুযোগ নেই।