মুক্তিযুদ্ধের গৌরবগাঁথার স্মারক ‘স্মৃতি অম্লান’ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬ | আপডেট: ১১:৫৮ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি বুধবার (১০ জুন ২০২৬) বিকেলে চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত মহান স্বাধীনতা যুদ্ধের গৌরবোজ্জ্বল স্মৃতি ও বীরত্বগাথায় সমুজ্জ্বল ঐতিহাসিক স্থাপনা ‘স্মৃতি অম্লান’ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সেখানে সংরক্ষিত মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন ব্যবহৃত ঐতিহাসিক ১৯৬৭ মডেলের টয়োটা করোনা গাড়িটি গভীর আগ্রহ ও শ্রদ্ধার সঙ্গে পরিদর্শন করেন। স্বাধীনতার জন্য পরিচালিত সশস্ত্র সংগ্রামের দুর্বার সাহস, অদম্য দেশপ্রেম এবং আত্মোৎসর্গের এক অনন্য সাক্ষ্য বহনকারী এই নিদর্শন প্রত্যক্ষ করে তিনি গভীর অনুভূতি প্রকাশ করেন।

আরও পড়ুন: বাজেট ২০২৬-২৭: একাধিক খাতে ১০০ শতাংশ কর অব্যাহতির প্রস্তাব

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির স্বাধীন সত্তা, আত্মমর্যাদা ও অদম্য মনোবলের এক অবিনাশী মহাকাব্য। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অতুলনীয় আত্মত্যাগ, বীরত্ব ও দেশপ্রেমের গৌরবগাথা নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা আমাদের জাতীয় কর্তব্য। স্বাধীনতার প্রকৃত ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে সম্যকভাবে অবহিত করতে তিনি মুক্তিযুদ্ধের মূল্যবান নিদর্শনসমূহের যথাযথ সংরক্ষণ, গবেষণা ও তথ্যসমৃদ্ধ উপস্থাপনার ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার এর কমান্ড্যান্ট এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জাতির প্রত্যাশা ও কল্যাণকে প্রাধান্য দিয়েই এবারের বাজেট: অর্থমন্ত্রী

উল্লেখ্য, ‘স্মৃতি অম্লান’ মহান স্বাধীনতা যুদ্ধ এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অনন্য স্মৃতিবিজড়িত স্থাপনা। জাদুঘর ও স্মৃতিসৌধের সমন্বয়ে গড়ে ওঠা এ কমপ্লেক্সে মুক্তিযুদ্ধের বিভিন্ন দুর্লভ নিদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের স্মারক এবং জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিলসমূহ সযত্নে সংরক্ষিত রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম এরিয়ার ইতিহাস এবং পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন তথ্যও এখানে উপস্থাপিত হয়েছে।

স্বাধীনতার অগ্নিঝরা দিনগুলোর অম্লান স্মৃতি, জাতির বীর সন্তানদের বীরত্ব ও আত্মত্যাগের চেতনাকে ধারণ করে ‘স্মৃতি অম্লান’ প্রজন্ম থেকে প্রজন্মে দেশপ্রেম, জাতীয় গৌরব ও মুক্তিযুদ্ধের আদর্শকে জাগ্রত রাখতে নিরন্তর ভূমিকা রেখে চলেছে।