বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ৩:৪৬ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি জানান, মধ্যপ্রাচ্যসহ আরও কয়েকটি দেশের শ্রমবাজারেও বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে।

মঙ্গলবার (৭ জুলাই) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রী।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ

আরিফুল হক চৌধুরী বলেন, “মধ্যপ্রাচ্যসহ সব দেশে আমাদের শ্রমবাজার খুলে যাবে। ইতোমধ্যেই অনেক বাজার খুলেছে। মালয়েশিয়ায় গতকাল (সোমবার) শ্রমবাজার খুলেছে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, ওমান ও সৌদি আরবেও কর্মসংস্থানের সুযোগ বাড়ছে, ইনশাআল্লাহ।”

মন্ত্রী জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর গত মাসে মালয়েশিয়া সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।

আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ

উল্লেখ্য, ২০২৪ সাল থেকে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার কার্যত বন্ধ ছিল। সে সময় মালয়েশিয়া সরকার ঘোষণা দেয়, পূর্ব অনুমোদনপ্রাপ্ত বাংলাদেশি কর্মীদের ৩১ মে-এর মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে। এরপর নতুন করে কর্মী ভিসায় আর কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে ওই সময়ের পর থেকে বাংলাদেশ থেকে নতুন কোনো কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি।