তুরস্কের সহযোগিতায় বগুড়ায় হবে ড্রোন কারখানা: প্রতিমন্ত্রী
বগুড়ায় তুরস্কের সহযোগিতায় একটি ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বগুড়ায় নতুন বিমানঘাঁটির অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং বিমানবাহিনীর বহরে যুক্ত হওয়া নতুন যুদ্ধবিমান এই ঘাঁটিতে সংযুক্ত করা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এসব তথ্য জানান।
আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ
প্রতিমন্ত্রী বলেন, নিজের নির্বাচনী এলাকার উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হলেও রাজনৈতিক কারণে সেগুলো এতদিন এমপিওভুক্ত হয়নি। বর্তমানে সেগুলো এমপিওভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার আগে বগুড়ার উন্নয়ন ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এখন প্রধানমন্ত্রী দেশের সব জেলার সমান উন্নয়নের নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যেই বগুড়ার অবকাঠামো, শিক্ষা ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, চলতি বছরই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে এবং নির্বাচন কমিশনও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে।
তিনি বলেন, বড় বাজেট বাস্তবায়নের পাশাপাশি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই দুটি দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।





