বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ১১:০৩ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন রাখতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দুর্গত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন্যাকবলিত এলাকায় গৃহীত স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিৎসাসেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ

তিনি জানান, এখন পর্যন্ত সাপে কাটা ৯৫ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্যাকবলিত এলাকায় সাপের কামড়ের ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত বন্যাকবলিত কোনো এলাকায় কলেরা আক্রান্তের তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।

আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ

ব্রিফিংয়ে আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সরদার সাখাওয়াত হোসেন বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়ন করছে। এসব কার্যক্রম পর্যালোচনার জন্য পরবর্তীতে হাসপাতালটি পুনরায় পরিদর্শন করা হবে। সেই পরিদর্শনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।