বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ৮:৫৩ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলমান বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্রে পুনরায় গ্রহণ করা হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে সম্প্রতি শিক্ষার্থীদের নিয়ে নিজের একটি ‘ব্যক্তিগত মন্তব্য’ ঘিরে তৈরি হওয়া বিতর্কের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ওপর আনীত সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোতে বন্যার কারণে কয়েকটি পরীক্ষা স্থগিত করতে হয়েছে এবং সেগুলো পুনরায় নেওয়া হবে।

আরও পড়ুন: আটাব নির্বাচনে শুনানি ছাড়াই প্রার্থীর ভাগ্য নির্ধারণ!

তিনি জানান, বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও অভিযোগ থাকলেও শিক্ষা মন্ত্রণালয় শুরু থেকেই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত হয়েছে, চট্টগ্রাম বোর্ডের জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা যে বিকল্প প্রশ্নপত্র সেটে নেওয়া হবে, একই সময়ে স্থগিত হওয়া পরীক্ষাগুলোও নতুন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।

বক্তব্যের একপর্যায়ে শিক্ষামন্ত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচিত তার একটি মন্তব্যের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করার জন্য তিনি কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

মন্ত্রী বলেন, *‘আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারেও বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলিনি। যদি কেউ আহত হয়ে থাকেন, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি।’*

উল্লেখ্য, গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে, যেখানে শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করেছেন বলে দাবি করা হয়। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও আন্দোলন করেন।