আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গণ-অভ্যুত্থান পরবর্তী জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সেবামুখী ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) রাজধানীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: মন্ত্রী জাহিদ হোসেন: গণতন্ত্র সংকটে পড়লেই জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সততা, সাহসিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করবেন, তাদের কাজের যথাযথ মূল্যায়ন করা হবে। একই সঙ্গে যারা আইন-বিধি লঙ্ঘন করবেন, জনসেবায় ব্যাঘাত ঘটাবেন বা কোনো ধরনের অপকর্মে জড়াবেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) প্রসঙ্গে বলেন, এটি কোনো বিশেষ ধর্মীয় উৎসব বা রথযাত্রাকে লক্ষ্য করে স্থাপন করা হয়েছে—এমন ধারণার ভিত্তি নেই। তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ডিভাইসটি নিষ্ক্রিয় করেছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন: ইউজিসিতে তিন নতুন পূর্ণকালীন সদস্য, চার বছরের জন্য নিয়োগ
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা পড়েছে এবং তা গৃহীত হয়েছে। তিনি আরও জানান, দায়িত্ব পালনকালীন সময়ে সাবেক রাষ্ট্রপতি যে সাংবিধানিক সুরক্ষা পাওয়ার অধিকারী, তা বহাল থাকবে। এছাড়া আইন অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং পুলিশ বাহিনীর সমন্বয়ে তাকে নিরাপত্তা প্রদান করা হচ্ছে।
এ বছর পুলিশ সপ্তাহে পদক প্রদান অনুষ্ঠান না হওয়ার কারণ ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক তালিকায় কিছু কারিগরি ত্রুটি ও অনিয়ম শনাক্ত হওয়ায় সেটি পুনরায় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যোগ্য কর্মকর্তাদের বিশুদ্ধ তালিকা অনুযায়ী পদক প্রদান করা হবে।
অনুষ্ঠানে সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ মোট নয়জন পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ঢাকা রেলওয়ে থানার যৌথ উদ্যোগে মাত্র ৩০ মিনিটের মধ্যে এক প্রবাসীর হারিয়ে যাওয়া পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করায় সাতজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। এছাড়া সাহসিকতার সঙ্গে ছিনতাইকারী গ্রেপ্তারের জন্য ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের দুই সার্জেন্ট সম্মাননা লাভ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





