প্রতিমন্ত্রী ও প্রশাসককে নিয়ে প্রধানমন্ত্রী একই গাড়িতে উত্তর ঢাকার নগর ব্যবস্থাপনা পরিদর্শন করেন

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ৭:০৫ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরাঞ্চলের নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জানা গেছে, শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে তাঁর বাসভবনে আমন্ত্রণ জানান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তাঁদের সঙ্গে নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ময়লা ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে বের হন।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তাঁর পরিদর্শন রুটে ছিল ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা সেক্টর-৩, ৪, ৫ ও ৬, এয়ারপোর্ট রোড, কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী। পরিদর্শন শেষে তিনি গুলশানের বাসভবনে ফিরে আসেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী উপস্থিত ছিলেন।