সরকার ভুল করলে ধরিয়ে দিন: আইনমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:০৮ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন সরকার কোনো ভুল করলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, কাজ করতে গেলে ভুল হতে পারে, তবে সেই ভুল সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে। বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘সরকার ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দিন।’ আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে হবে। কাজ করলে ভুল হবে, তবে সেই ভুল সংশোধন করে এগিয়ে যেতে হবে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: তিন দিনের চীন সফরে গেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা বিকাশে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর ভূমিকার প্রশংসা করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, অন্ধকে আলো দেওয়ার মতো ভালো কাজ আর কিছু হতে পারে না। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা বিকাশে কাজ করছে। পাশাপাশি তিন বছর আগে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও এ কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে।‘তারাও মানুষ, তাদেরও অধিকার রয়েছে।’

আরও পড়ুন: রংপুরের চার খুনসহ আলোচিত আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে গণতন্ত্র ও আইনের শাসনের পথে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, এমন একটি দেশ গড়তে হবে, যেখানে মানুষ গণতন্ত্র ও আইনের শাসনের স্বাদ পাবে এবং ফ্যাসিজম আর ফিরে আসতে পারবে না।

তিনি বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না করে অন্যায় ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।  ‘যারা অন্যায় ও হত্যাকাণ্ড দেখেও চোখ বন্ধ করে রয়েছেন, তাদের চোখ খুলতে হবে।’ নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধ নিয়ে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।