গাসিকের মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহার
গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া থেকে নগরবাসীকে রক্ষায় মশা নিধনে আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড বিটিআই (ব্যাসিলাস থুরিনজিয়েনসিস ইসরায়েলেনসিস) স্প্রে শুরু করেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মহানগরের হাজীবাগ, শান্তিপল্লী ও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ ওষুধ স্প্রে করা হয়।
ওষুধ স্প্রে কার্যক্রম চলাকালে গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মাদ রহমত উল্লাহ, সহকারী প্রকৌশলী আমজাদ হোসেন উপস্থিত ছিলেন। এর আগে সোমবার গাসিক প্রশাসক মো. শওকত হোসেন সরকার এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, এ লার্ভিসাইড এর প্রধান বৈশিষ্ট্য হলো- এটি মানব দেহ ও পরিবেশের কোন ক্ষতি করে না। এটি কেবল মশার লার্ভা ধ্বংস করে এবং মশার বংশবিস্তার রোধে কাজ করতে বা ডেঙ্গু নিয়ন্ত্রণে অত্যান্ত কার্যকর। এ ওষুধ একবার ছিটালে ১৫ দিন ওই জায়গা নিরাপদ থাকে।
গাসিকের সহকারী প্রকৌশলী আমজাদ হোসেন জানান, সিটি করপোরেশন এলাকার মধ্যে ডেঙ্গুর ৯টি ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রথমে এসব এলাকায় ওষুধ স্প্রে করা হবে। পরে মহানগরের ৫৭টি ওয়ার্ডেই এ কার্যক্রম পরিচালনা করা হবে।
আরও পড়ুন: আইন অনুযায়ী যোগ্যরাই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন: সিইসি
গাসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন জানান, যেখানে মশার প্রজননকেন্দ্র বা লার্ভা বেশি সেখানে আগে লার্ভিসাইড স্প্রে প্রয়োগ করা হবে। সিটি কর্পোরেশন এলাকায় মশার যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে বিটিআই স্প্রে করার মাধ্যমে তা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশাবাদী। পাশাপাশি তিনি নগরবাসীকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন।





