ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:১৫ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর।

আরও পড়ুন: ডিআরইউ'র প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। এসব আপিলের নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে। একই দিন থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন।

সবশেষে আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৫ হাজার।

এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এই প্রার্থী পরদিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

আসনটি শূন্য হওয়ার পর উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর ভোটের মাধ্যমে এ আসনে নতুন সংসদ সদস্য নির্বাচিত হবেন।