চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
ঢাকার ধামরাইয়ে ইজিবাইকের ব্যাটারি উৎপাদনকারী কারখানায় ঢুকে এক চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে ৭০ লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে।
গেল শনিবার গভীর রাতে সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকার ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লি.’ নামের কারখানায় এ ঘটনা ঘটে। রবিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন: ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুইর নিজের রুমে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে তিনজনের একটি চোরচক্র কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর তারা ওই কর্মকর্তার ঘরের দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে।
পরে চোরেরা তার হাত-পা রশি দিয়ে বেঁধে গলায় ছুড়ি ধরে তার কাছ থেকে চাবি নিয়ে লকারে রাখা ৭০ লাখ টাকা নিয়ে যায়।
আরও পড়ুন: স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।





