অর্থনৈতিক অঞ্চল ঘিরে নতুন প্রত্যাশা
খুলনার দাকোপ পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান। দাকোপ সফর শেষে তাঁর মোংলায় যাওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে এ অঞ্চলে এটিই তারেক রহমানের প্রথম সফর। তাঁকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি নতুন সম্ভাবনার প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং অর্থনৈতিক উন্নয়নে কার্যকর উদ্যোগের আশা করছেন।
আরও পড়ুন: বিআরটি প্রকল্প নিয়ে তুঘলকি কাণ্ড
দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ অঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘদিন ধরে অমীমাংসিত সমস্যাগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার প্রস্তুতি রয়েছে তাঁদের।
স্থানীয়দের অন্যতম প্রধান দাবি, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল দ্রুত প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করা। তাঁদের প্রত্যাশা, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এলাকায় নতুন শিল্পকারখানা গড়ে উঠবে। এতে হাজার হাজার তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
আরও পড়ুন: সৌদি আরবে পাঠানো নারী কর্মীদের সুরক্ষা নিয়ে গুরুতর অভিযোগ
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে তাই উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে নতুন আশায় বুক বাঁধছেন এ অঞ্চলের মানুষ ও ব্যবসায়ীরা।





