দ্বিভাষিক ম্যাগাজিন ‘ঢাকা হেরাল্ড’-এর আত্মপ্রকাশ

বাংলা একাডেমিতে মোড়ক উন্মোচন, অংশ নেন বিশিষ্ট লেখক ও সাংবাদিকরা

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৩৫ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে সোমবার সন্ধ্যায় দ্বিভাষিক মাসিক ম্যাগাজিন ‘ঢাকা হেরাল্ড’-এর আনুষ্ঠানিক প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য, গবেষণা ও সাংবাদিকতার সমন্বয়ে নতুন এ প্রকাশনাকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সিনিয়র সাংবাদিকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংকিং ও আর্থিক অপরাধ বিশেষজ্ঞ, কলামিস্ট ও কবি সহিদুল আলম স্বপন। তিনি ম্যাগাজিনটির উদ্যোগকে সময়োপযোগী ও সম্ভাবনাময় বলে মন্তব্য করেন।

আরও পড়ুন: জলবায়ু ও স্মৃতির প্রেক্ষাপটে স্থাপত্যচিন্তা: কাশেফ চৌধুরীর নতুন মনোগ্রাফ উন্মোচন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক-গবেষক ও চিন্তক ড. কাজল রশীদ শাহীন, বাংলা একাডেমির উপপরিচালক ও গবেষক ড. মোজাম্মেল হক, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট শুভ কিবরিয়া, সাংবাদিক হোসেন শহীদ মজনু, বিজ্ঞান লেখক ও সাংবাদিক জাহাঙ্গীর সুর এবং ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন।

এছাড়া গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুল ইসলাম, ইমরান ইমন, ‘দ্য এশিয়ান এজ’-এর মাহফুজ উল হাসিব চৌধুরী, আদনান হাদী, হাসান আল বান্না, বাংলাবাজার পত্রিকার আহমেদ শাহেদ, আশরাফুল আলম, আবু জাফর, আনিস খান, আশিক ইসলাম, জাফর আহমেদসহ আরও অনেকে।

আরও পড়ুন: অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় ২০২৫ স্বাগতম ২০২৬, নতুন বছরে পুনর্জাগরণের অঙ্গীকার

বক্তারা ‘ঢাকা হেরাল্ড’-এর মতো একটি বৈচিত্র্যময় ম্যাগাজিন প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে সম্পাদকীয় দল ও উদ্যোক্তাদের প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এই প্রকাশনা দেশ ও দেশের বাইরে সৃজনশীল লেখালেখি এবং চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জানানো হয়, ‘ঢাকা হেরাল্ড’-এর প্রথম সংখ্যায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান ও অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি লেখক ও গবেষকদের লেখা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ম্যাগাজিনটিকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে।

বক্তারা অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান, তরুণ প্রজন্মকে বইপড়া এবং প্রবন্ধ, গল্প, কবিতা ও ফিচার লেখায় উৎসাহিত করার জন্য। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, ‘ঢাকা হেরাল্ড’ এ ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা রাখবে।

প্রথম সংখ্যায় ভূ-রাজনৈতিক সংকট, অভ্যন্তরীণ বিষয়াবলি, স্থাপত্য, ভ্রমণকাহিনী ও সাহিত্য বিষয়ক বাংলা ও ইংরেজি ভাষার লেখা স্থান পেয়েছে। অতিথিরা ম্যাগাজিনটির বিষয়বৈচিত্র্য ও নান্দনিক বিন্যাসের প্রশংসা করে এর ধারাবাহিক অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।