এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার যেকোনো সময়
অনৈতিক কর্মকাণ্ডের জন্য বহিষ্কৃত বহুল আলোচিত জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী গাড়িচালক ওবায়দুর রহমান হামলা ও মারধরের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত মজলিসে শূরা সদস্য গাজী নজরুল ইসলাম এমপিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের পরপরই তদন্তের দায়িত্ব ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার
মামলার পরপরই ডিবির জালে গ্রেপ্তার হন অভিযুক্ত এক সাবেক পুলিশ সদস্য।
পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মুস্তাক হোসেন জানান, পল্লবী থানায় মামলা হয়েছে। এখনো গাজী নজরুল ইসলামসহ অন্য কোনো আসামিকে আটক করা হয়নি। মামলাটির তদন্তের জন্য ডিবিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সতর্ক বিএনপি, টেনশনে জামায়াতে ইসলাম
মামলার এজাহার সূত্রে জানা যায়, অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং একটি ভিডিও ফাঁসের সন্দেহকে কেন্দ্র করে বাদী ওবায়দুর রহমানকে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ওবায়দুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার পর পুলিশ আমিনুর রহমান নামে এক আসামিকে গ্রেপ্তার করে। মামলার অন্য আসামিরা হলেন মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ, রাকিবুল হাসান এবং গাজী নজরুল ইসলাম।
বুধবার (২২ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পল্লবী জোনাল টিমের এসআই রাকিবুল হুদা গ্রেপ্তার আসামি আমিনুর রহমানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৪ আগস্টের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ওবায়দুর রহমান রাজধানীর পল্লবীর কালশী এলাকার ‘রোজ গার্ডেন টাওয়ার’-এ তার বোনের বাসায় বসবাস করতেন এবং গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। আত্মীয়তার সূত্রে গাজী নজরুল ইসলামের ওই বাসায় নিয়মিত যাতায়াত ছিল। একপর্যায়ে ওবায়দুরের ভাগ্নির সঙ্গে গাজী নজরুল ইসলামের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানতে পেরে ওবায়দুর পরিবারকে অবহিত করেন এবং গাজী নজরুল ইসলামকে ওই সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ জানান। এরপর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এদিকে, ভিডিওকাণ্ডে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। দলীয় সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে অবহিত করা হবে বলেও জানানো হয়েছে।





