কাপাসিয়ায় কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
কৃষকদের সরকারি সেবা আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়ায় কৃষক স্মার্ট কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ১৬ জুলাই, বৃহস্পতিবার উপজেলার কড়িহাতা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত কড়িহাতা ব্লকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে দেশের প্রতিটি উপজেলার একটি ইউনিয়নের একটি ব্লকে (তিনটি ওয়ার্ড) কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় কাপাসিয়া উপজেলার কড়িহাতা ব্লকে মোট ১ হাজার ৯৫০ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
আরও পড়ুন: আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে ফেনীতে ১১ দলের র্যালি
তথ্য সংগ্রহের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে জিপিএস লোকেশনসহ কৃষকদের তথ্য নিবন্ধন করছেন। এ সময় কৃষক বা কৃষাণী এবং তাঁদের স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি, মোবাইল নম্বর ও জমির তথ্য সংগ্রহ করা হচ্ছে।
উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ শাকিল আহম্মেদ বলেন, “সারা দেশে প্রতিটি উপজেলার একটি ইউনিয়নের একটি ব্লকে কৃষক স্মার্ট কার্ডের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। কাপাসিয়ায় কড়িহাতা ব্লক দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। এখানে ১ হাজার ৯৫০ জন কৃষকের তথ্য নেওয়া হবে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম পরিচালিত হবে।”
আরও পড়ুন: মধ্যনগরে ৮২ গ্রামের সম্মিলিতভাবে রথযাত্রা উৎসব পালিত
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন জানান, কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকরা সরকার নির্ধারিত মূল্যে সার, বীজ ও কীটনাশক ক্রয়ের সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, কৃষিযন্ত্রে ভর্তুকি, সেচ সুবিধা, কৃষি বীমা, কৃষি প্রশিক্ষণ, মোবাইলে আবহাওয়া ও বাজারদর-সংক্রান্ত তথ্য এবং উৎপাদিত কৃষিপণ্য ন্যায্যমূল্যে বাজারজাতকরণসহ বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।
এ ছাড়া প্রাথমিক পর্যায়ে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য নির্দিষ্ট পরিমাণ প্রণোদনা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
উপজেলা কৃষি অফিস কৃষকদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রেখে তথ্য সংগ্রহ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। তথ্য সংগ্রহের সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





