লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ৪:০১ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২২ জুলাই) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: স্ত্রীর মৃত্যুর দায় গাজী নজরুল ইসলামের দাবি এলাকাবাসীর

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মো. মোশারফ হোসেন (৩৫) ও মামুদ (৪০) এবং চাঁদপুরের হাইমচর উপজেলার সাদেক হোসেন মাল (৩৮) ও মানিক ব্যাপারী (৩২)।

পুলিশ জানায়, বটতলা এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু, একটি রামদা, একটি চাপাতি, একটি কিরিচ ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বপন নামে এক ডাকাতসহ আরও দুই-তিনজন পালিয়ে যান।

আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে আশুলিয়ায় মৃত্যুর মিছিল, নিহত বেড়ে ৮

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।