চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ সাগর হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিএনপির বিক্ষোভ

Sanchoy Biswas
মো. গোলাম কিবরিয়া, ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ৬:১২ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ময়মনসিংহের প্রথম শহীদ কলেজছাত্র রেদোয়ান হাসান সাগরের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় শহীদ সাগরসহ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদের হত্যাকারীদের বিচারের দাবি জানানো হয়।

রোববার (১৯ জুলাই) বিকেলে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহীদ সাগর চত্বরে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

সেখানে শহীদ রেদোয়ান হাসান সাগরের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে শহীদ সাগর চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিএনপি নেতৃবৃন্দ।

পরে শহীদ সাগর চত্বরেই মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, একেএম মাহাবুবুল আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, নিরাপত্তা ও বন্দিসেবার মানোন্নয়নে একাধিক নির্দেশনা

সমাবেশে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার সৈনিকরা কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবে না। শহীদ সাগরসহ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। কোনো অপশক্তি হত্যাকারীদের রক্ষা করতে পারবে না।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে অবৈধ অস্ত্র দিয়ে প্রকাশ্যে গুলি চালায় খুনি হাসিনার দোসর ভোটবিহীন এমপি মোহিতুর রহমান শান্ত, ভোটবিহীন মেয়র ইকরামুল হক টিটু এবং কুখ্যাত আমিনুল হক শামীম। এতে কলেজছাত্র রেদোয়ান হাসান সাগর গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং আহত হয় অসংখ্য সাধারণ মানুষ। অবিলম্বে এই খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।