উপজেলায় নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায় আওয়ামী লীগ: কাদের
দলীয় প্রতীক ছাড়া স্থানীয় নির্বাচন হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে এমপিরা কোনো হস্তক্ষেপ করতে পারবে না। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু দেখতে চায় আওয়ামী লীগ। এজন্য স্থানীয় সরকারের এই নির্বাচনের আগে থেকেই আটঘাট বেঁধে নামবে আওয়ামী লীগ।
শনিবার (৩০ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
তৃণমূলের নেতাকর্মীদের ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বড় দল। সংগঠন থাকলেই সমস্যা থাকবে। তবে, কোনো নেতা দায়িত্বহীন কর্মকাণ্ড করলে তার দায় দল নেবে না। স্থানীয় পর্যায়ে দ্বন্দ্ব-সংঘাতে ভুলে পরস্পরের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে। ভেঙে ফেলতে হবে প্রতিবন্ধকতার সব দেয়াল।
তিনি বলেন, শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিএনপির রাজনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে। সবকিছু হারিয়ে বিএনপি এখন আবার ভারত বিরোধিতায় নেমেছে। এতে বিভ্রান্ত হওয়া যাবে না, তাদের কিছু করার আর ক্ষমতা নেই।
আরও পড়ুন: সোমবার সারা দেশে শোক দিবস পালন করবে বিএনপি
এসময় জনগণকে মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের সভাপতিত্বে রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আসাদুজ্জামান নূর এমপি।





