কোটা আন্দোলন ঘিরে সব হত্যাকাণ্ডের বিচার হবে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত ও বিচার হবে । এসময় তিনি আরো বলেন, যারা সহিংসতা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
আরও পড়ুন: সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই
ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবি সমর্থন করে আসছি।
তিনি বলেন, ৭১ সালে যারা বেঈমানি করেছে, হত্যাকাণ্ড করেছে তারা এখনো বেঈমান। ৭১’র খুনি, ৭৫’র খুনি, ২১ আগস্টের খুনি, ২৪ সালের একই খুনি ও বিশ্বাসঘাতক। তারা হচ্ছে বিএনপি-জামায়াত।
আরও পড়ুন: আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে জামায়াতকে কিছু জানায়নি অন্তর্বর্তী সরকার: শফিকুর রহমান
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের ওপর দায় চাপানো হয়েছে। আমাদের কয়েক হাজার নেতাকর্মী ও পুলিশের ওপর হামলা চালিয়ে আহত করা হয়েছে। নজিরবিহীন তাণ্ডব চালানো হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল, শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামানো।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, আনিসুল হক প্রমুখ।





