“সবাই এমপি হতে চায়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কেউ আগ্রহী নয়”
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আপনি এমপিদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেন, কেউ আর এমপি হতে চাইবে না। এখন রাস্তা দিয়ে যান, শুধু দেখবেন সবাই ‘আমি এমপি হতে চাই’—পাঁচ-ছয়টা ছবি পোস্টারে। সবাই শুধু এমপি হতে চায়।
তিনি আরও বলেন, কেউ উপজেলা চেয়ারম্যান হতে চায় না, ইউনিয়ন চেয়ারম্যান হতে চায় না, কেউ মেম্বার হতে চায় না। সবাই এমপি হতে চায়। এখন এমপিদের ক্ষমতার কতটুকু থাকবে সেটাও আমাদের ভেবে দেখার দরকার।”
আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে?’ শীর্ষক সংলাপে তিনি এসব মন্তব্য করেন।
সংসদ সদস্যদের ক্ষমতার প্রসঙ্গে তিনি বলেন, ১৭ বছর ধরে যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে গেছে, তারা মনে করেছে তাদের রাইট—যা ইচ্ছা তাই করতে পারে। পার্লামেন্টে এমপিদের কেন গাড়ি আনতে হবে, কেন তারা গাড়ি বিদেশ থেকে পাবে, তাদের কথায় কেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা চলবে?
আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী
সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির ফেলো অধ্যাপক রওনক জাহান। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্স, নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, এবং নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক আব্দুল আলীম।





