শনিবার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান
দীর্ঘ কয়েক বছর পর জাতীয় পর্যায়ের গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সৌজন্য বিনিময়ে বসতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে চলমান পরিবর্তনের প্রেক্ষাপটে এই আয়োজনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে দলটি।
আগামী শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে জাতীয় গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সম্মানে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ
দলীয় সূত্র জানায়, জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, রেডিও, সংবাদ সংস্থা এবং অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে তারেক রহমান গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা আমন্ত্রণ বার্তায় বলা হয়েছে, নানা বাস্তবতা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেশের গণমাধ্যম প্রতিনিধিদের সরাসরি সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ সীমিত ছিল। সেই শূন্যতা পূরণের লক্ষ্যেই এই আয়োজন।
আরও পড়ুন: ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভে সাধারণকে উস্কানির চেষ্টা
দলটির নেতারা আশা করছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে বিএনপি ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, যোগাযোগ ও সৌহার্দ্য আরও দৃঢ় হবে। একই সঙ্গে ভবিষ্যতের রাজনৈতিক প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা নিয়েও ইতিবাচক আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।





