নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মাথাচাড়া দিতে দেওয়া হবে না: আদিলুর রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ন, ১০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৫৪ পূর্বাহ্ন, ১০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ভেতরে ও সীমান্তের ওপার থেকে একটি মহল গণতান্ত্রিক প্রক্রিয়া ও সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প এবং গৃহায়ন, গণপূর্ত ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই মাথাচাড়া দিতে দেওয়া হবে না।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ শহরের জুলাই ৩৬ চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: দেশের পরিস্থিতি আগের চেয়ে ভালো: মির্জা ফখরুল

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে একটি চক্র দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় রয়েছে। তবে অন্তর্বর্তী সরকার এসব অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করবে।

গণভোট নিয়ে প্রচারণার বিষয়ে তিনি জানান, জেলা প্রশাসকদের নেতৃত্বে স্থানীয় প্রশাসন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। চলতি সপ্তাহ থেকেই গণভোট সংক্রান্ত প্রচারণা কার্যক্রম দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন: ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, ৭ নেত্রী আটক

অনুষ্ঠান শেষে উপদেষ্টা সুনামগঞ্জ বাফার গুদাম পরিদর্শন করেন এবং সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব ওবায়দুর রহমান, বিসিআইসির চেয়ারম্যান ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম।